দেবিদ্বারে ফুটপাত দখল করায় ২ ডিম ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল করে ডিম বিক্রি এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে। মোঃ শাহিদুল ইসলাম, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
ভোরের আকাশ/সু.পা