ফতুল্লায় সাব্বির হত্যার আসামি সেলিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাব্বির নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
র্যাব-১১ জানায়, নিহত ভিকটিম সাইফুল আহমেদ সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই ব্যবসার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অপরদিকে গ্রেফতারকৃত আসামি সেলিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সাব্বির মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
ঘটনার দিন সাব্বির নিজ বাসা থেকে বের হয়ে স্থানীয় একটি বিরিয়ানি হাউজের সামনে গেলে সেলিমের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল সন্ধ্যায় ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. নাসিম উদ্দিন হক বলেন, “সাব্বির হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। খুব দ্রুতই বাকিদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “র্যাব সবসময় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই