উলিপুরে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে মজুদ করে রাখা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালুও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নূর ইসলাম উত্তর নামাজের চর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনকালে নূর ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলন করে মজুদ রাখা আনুমানিক ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থ রক্ষা এবং পরিবেশ ও নদী সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ