অপরিপক্ক, স্বাদহীন লিচুতে সয়লাব বাজার

শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ। বাহারী ফলমূলের পসরা সাজিয়েছে দোকানীরা। মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বগুড়ার আদমদীঘির বিভিন্ন বাজার ও মৌসুমি ফলের দোকানে উঠতে শুরু করেছে লিচু। বাজারে আসা লিচুর বেশীর ভাগই এখনো সবুজ, স্বাদহীন ও অপরিপক্ব। এই অপরিপক্ক আর স্বাদহীন লিচুতে বাজার সয়লাব।
মান ও গুণের বিচার করছেনা ক্রেতারা। অতিরিক্ত মুনাফার লোভে মৌসুমের শুরুতেই অসাধু ব্যবসায়ী ও বাগান মালিকরা কাঁচা, অপরিপক্ব ও স্বাদহীন লিচু বাজারে বিক্রি করছেন। রং পাকা হলেও ভেতরের অংশ টক, অপরিপক্ব এবং বীজ শক্ত রয়েছে। স্বাদে মিষ্টতা কম হলেও দাম রাখা হচ্ছে বেশ চড়া।
আজ শনিবার স্থানীয় আদমদীঘি বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, একশ’ লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। আকার ও মানভেদে ৪৫০ থেকে ৬০০ টাকায়। সাইজ একটু বড় হলেই দাম আরও বাড়ছে। নতুন মৌসুমের ফলের আকর্ষণে ক্রেতারা লিচু কিনছেন। দাম বেশি হলেও শিশুদের আবদার ও মৌসুমের শুরুতে ফল কেনার আগ্রহের কারণে ক্রেতার এমন স্বাদহীন কাঁচা লিচু কিনছেন দেদারছে।