দিনাজপুরে ৬টি আসনের বিএনপি প্রার্থীদের ভোট প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬ টি আসনে বিএনপি'র ধানের শীষের পদপ্রার্থীরা ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ২০ মিনিটে দিনাজপুর ৬ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর কক্ষে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে ডা. জাহিদ হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে, আমি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদী। ধর্ম বর্ণ দল-মত নির্বিশেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে ধানের শীষ মার্কায় জনগণ ভোট দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
দিনাজপুর-৫(ফুলবাড়ী -পার্বতীপুর ) আসনে বিএনপি প্রার্থী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি'র সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান ফুলবাড়ী উপজেলার পৌরশহরের মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দুপুর ১০টা ১০ মিনিটে ভোট প্রদান করেন ।
এদিকে আজ সকাল ৯ টা ২২ মিনিটে দিনাজপুর-৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জেলার চিরিরবন্দর উপজেলা দক্ষিণ পলাশবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একটি দল ধর্মের কথা বলে ভোটারদের মাঝে শুরু থেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে।। তিনি বলেন, আজকে ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ ভোটের ব্যালটের মাধ্যমে এর সমচিত জবাব দেবেন।
দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আজ সকাল ১০টায় ভোট দেন।
দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী জেলার বোচাগঞ্জ উপজেলার দৌল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ দুপুর ১২ টা ৪২ মিনিটে ভোট দেন।
দিনাজপুর-১ আসনের বিএনপি প্রার্থী মো. মনজুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বক্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ দুপুর ১২ টা ২১ মিনিটে ভোট প্রদান করেছেন ।
ভোরের আকাশ/ র.ই