উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উখিয়ার বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা