জনগণের উন্নয়নে দেশেই থাকব, দেশের বাইরে আমাদের ঠিকানা নেই; প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং জনগণের উন্নয়নে কাজ করব।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের সব খাল ও মরা নদী পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে কৃষি, সেচব্যবস্থা ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং আশপাশের খাল ঘুরে দেখেন। এসব খাল খননের কাজ খুব শিগগিরই উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ভোরের আকাশ/ এনউব