খুলনায় এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঠিকাদাররা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য না রেখে সরকারি টেন্ডারে কাজের মূল্য নির্ধারণ করায় ঠিকাদাররা মারাত্মক লোকসানের মুখে পড়ছেন। বিভিন্ন নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত দরে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
তারা জানান, গত কয়েক বছরে খুলনা অঞ্চলে বিভিন্ন স্থাপনা ও সড়ক সংস্কারে প্রায় ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর এলজিইডি কর্তৃপক্ষ প্রায় ৪৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার আহ্বান করেছে।
ঠিকাদারদের দাবি, সরকারি টেন্ডারে বিটুমিনের প্রতি ব্যারেলের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১৬ হাজার টাকা। ভ্যাট-ট্যাক্স বাদে ঠিকাদারদের মূল্য দাঁড়ায় প্রায় ১২ হাজার টাকা। অথচ বাজারে একটি ব্যারেল বিটুমিনের বর্তমান মূল্য প্রায় ১৯ হাজার টাকা। একইভাবে পাথর, কেরোসিন, কমলা, বালি ও অন্যান্য নির্মাণসামগ্রীর দামও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান নির্মাণসামগ্রীর বাজারদর বিবেচনা করে টেন্ডারের এস্টিমেট রেট পুনর্নির্ধারণ করা প্রয়োজন। অন্যথায় বাস্তবতার নিরিখে আগামী ৯ অক্টোবরের টেন্ডার বর্জন করতে তারা বাধ্য হবেন।
ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে বলেন, ঠিকাদারদের ক্ষতির সম্ভাবনা বিবেচনা করে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে টেন্ডারের প্রাক্কলন মূল্য নির্ধারণ করা জরুরি।
এ বিষয়ে সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/ এনউব