ভোলাহাটে আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মো. এরফান আলী শিক্ষা মন্ত্রাণালয় ঢাকা অফিসে কর্মরত একজন কর্মচারী। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, এরফান আলী বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে উপজেলার মানুষজন নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্বাচনী প্রচারণা অভিযোগ প্রমাণিত হয়।
এ সময় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর ২১(খ) ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারায় এরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই