গাইবান্ধায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর শাম্মী আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি বিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত শাম্মী আক্তার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে স্থানীয় পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরের মাঠে যায় শাম্মী। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে আর বাড়িতে ফেরেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। সন্ধ্যার পরও কোনো সন্ধান না পেয়ে রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা শহিদুর রহমান।
এরপর মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি বিলের পানিতে কিছু একটা ভাসতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয় এক ব্যক্তি। তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে পানিতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা সেটি শাম্মীর বলে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মীর কায়েস জানান, 'এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।'
ভোরের আকাশ/ এনউব