বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ হুমকির চিঠি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ একটি হুমকির চিঠি পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো ওই চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের এক পিয়ন কক্সবাজার শহরের বাসভবনে চিঠিটি পৌঁছে দেন বলে জানান শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, চিঠিটি খুলে দেখতে পান তাতে তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। অন্যথায় ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় বলে ধারণা করা হচ্ছে। চিঠিতে প্রেরক হিসেবে ‘মুমিনুল আলম’ নামের এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তাকে ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামের কথিত একটি সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
চিঠিতে লেখা হয় “জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি বর্তমানে ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”
শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজার সদর ডাকঘর থেকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় গিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “চিঠির ভাষা অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এই হুমকি আমার নির্বাচনী কার্যক্রমে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে বিষয়টি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। শাহজাহান চৌধুরী জানান, তারেক রহমান তাকে সাহস হারাতে নিষেধ করেছেন এবং এ ধরনের হুমকিতে বিচলিত না হয়ে নির্বাচনী মাঠে পুরোদমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
ভোরের আকাশ/র.ই