সিরাজগঞ্জে ডাক্তার বাকি হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক বেগম লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা জাকারিয়া মাসুদ ওরফে জাকারিয়া (৪৩) ও সদর উপজেলার বহুলী ইউয়িনের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামী আনোয়ার হোসেন কিরণ আদালতের উপস্থিত ছিলেন। অপর আসামী জাকারিয়া মাসুদ পলাতক রয়েছেন। এছাড়া আসামী ডা. আবদুল লতিফ মামলাটি নিয়ে হাইকোটে রিভিশন করায় আদালতের নির্দেশে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। রিভিশন নিস্পত্তি হলে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে।
এপিপি আরো বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জাকে সিরাজগঞ্জ কলেক্টারেট চত্ত্বরের সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজকক্ষে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করা হয়। মামলার চার্জশিটে ডা. বাকি মির্জার সঙ্গে আসামী রুহুল আমীন বাবুর স্ত্রী এশার পরকীয়া সম্পর্কই খুনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। এঘটনায় চার জনের নাম উল্লেখ করে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আসামী রুহুল আমীন বাবুর মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এনউব