বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় বরিশালের বেলস্ পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে মো. আহসান হাবিব বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ কম এবং পর্যাপ্ত বনভূমিও নেই। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি।
তিনি বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় নিয়ে তাল, খেজুরসহ স্থানীয় পরিবেশের উপযোগী গাছ লাগাতে হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২৫ কোটি গাছ রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে দেশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়িতে ফলদ গাছ লাগানোর ক্ষেত্রে দেশীয় ফলের গাছকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পেয়ারা, আমলকী, আম, কাঁঠাল ও আমড়াসহ বিভিন্ন দেশীয় ফলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। নতুন প্রজন্মকে দেশীয় ফল খাওয়ার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে।
কাঁঠালসহ দেশীয় ফল প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য কৃষি গবেষণা ও যান্ত্রিকীকরণের পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশ নেওয়া নার্সারি মালিকদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় বরিশাল সদরের বৃক্ষকুঞ্জ প্রথম, মরিয়ম নার্সারি দ্বিতীয় ও ক্যাকটাস ভ্যালী তৃতীয় স্থান অর্জন করে।
এ ছাড়া বৃক্ষরোপণ মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
ভোরের আকাশ/জেআ