মাগুরায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরায় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনটির “নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা কর্মসূচি ২০২৬”-এর আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার ১ নম্বর হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শ্রীরামপুর গ্রামের ১১ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাছুদ হাসান খান কিজিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম টিটব, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আমানত হোসেন এবং হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তালেব বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মোছা. সালমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাছুদ হাসান খান কিজিল বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারীদের মাঝে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে তারা নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি তাদের মাধ্যমে অন্যরাও উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ র.ই