মাতাল হয়ে বাবা-মাকে মারধর
মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে মাদকাসক্ত হয়ে বাবা-মাকে মারধর, স্কুলগেটে ছাত্রীদের ইভটিজিং এবং মাদক সেবন করে রাস্তায় মাতলামি করার পৃথক অভিযোগে তিন ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ও এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর এলাকায় মাদক সেবন করে নিজের জন্মদাতা বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করার অপরাধে ফাহিম মিয়া (২২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি দেবীপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে, একই দিন সকাল ১০টার দিকে মাধবপুর পৌর শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে ফজল মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। ফজল মিয়া পূর্ব মাধবপুর গ্রামের মস্তব আলীর ছেলে।
এছাড়াও, বৃহস্পতিবার ভোররাতে পৌর শহরের পশ্চিম মাধবপুর গ্রামে মাদক সেবন করে রাস্তায় মাতলামি ও জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আলমগীর হোসেন (৪২) নামের আরেক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত। আলমগীর পশ্চিম মাধবপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে।
ভোরের আকাশ/সু.পা