সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযান: ধান ওজনে কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধান কেনাবেচার সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শেখরনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধান ক্রয়-বিক্রয়ের সময় পরিমাপে অনিয়ম করে প্রতি লেনদেনে প্রায় ১০ থেকে ১২ কেজি পর্যন্ত ধান কম দেওয়া হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত জানায়, বাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব