নড়াইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকদের মতবিনিময়

নড়াইল সদর উপজেলার কলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।
কলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইতি রানী সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু ও বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম সরোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিদা খানম, ম্যানেজিং কমিটির সদস্য মো. সুলতান মোল্যা ও মো. নুরনবী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাশেদ মোল্যা, ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. হাফিজুর রহমান বিশ্বাস হাফিজ, সাবেক ইউপি সদস্য মো. নাজমুল মোল্যা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিলন মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, যাতায়াত ব্যবস্থা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান আলেক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের অসুবিধা দূর করতে সড়ক নির্মাণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/জেআ