মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা দাউদ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর মধ্যপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ দাউদ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় তাঁর নিজ বাড়ির জামে মসজিদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের দায়িত্বশীল কর্মকর্তা ও সংশ্লিষ্টরাও তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানান।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর জানাজা নিজ বাড়ির জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ দাউদ মিয়া (৯৫) বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/সু.পা