কক্সবাজারের ভূমিদস্যু আলোচিত বেলায়ত অবশেষে কারাগারে

ভূমি দস্যুতা, প্রতারণা ও জালিয়াতির একাধিক অভিযোগে কক্সবাজার সদরের কলাতলীর আলোচিত বেলায়ত হোসেনকে অবশেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কক্সবাজারের দ্রুত বিচার আইনের আদালতের বিচারক আসাদ উদ্দিন মোঃ আসিফ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ১৩৫/২৬ নম্বর মামলার বাদী মেহেদী হাসান। মামলার আইনজীবী অ্যাডভোকেট বাপ্পি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলায়ত হোসেনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় প্রতারণা, জালিয়াতি ও দ্রুত বিচার আইনে অন্তত নয়টি মামলা রয়েছে। এছাড়া আদালতে আরও ডজনাধিক মামলা বিচারাধীন রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পিবিআই- সংক্রান্ত একটি আত্মসাতের মামলায় কারাভোগের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন বেলায়ত। সম্প্রতি তিনি তার ভাইসহ কয়েকজন উৎশৃঙ্খল নারীকে সঙ্গে নিয়ে মেহেদী হাসানের জমির দেয়াল ভেঙে দখলের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন।
তিনি আরও বলেন, পর্যটন এলাকার ফাঁকা বা বিরোধপূর্ণ জমি টার্গেট করে বেলায়ত ও তার চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে মামলা জটিলতা সৃষ্টি করে। এতে প্রকৃত মালিকরা হয়রানির শিকার হয়ে অনেক সময় আপস বা জমি ছেড়ে দিতে বাধ্য হন।
আইনজীবীর দাবি, জমি দখলের ক্ষেত্রে বেলায়ত চক্র ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে থাকে। এর মাধ্যমে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দৃশ্যমান কোন ব্যবসা-বানিজ্য না করার পরে ও শুধুমাত্র জাল-জালিয়াতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি।
ভোরের আকাশ/নি