মনিরামপুরে ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার

যশোরের মনিরামপুরে বর্ণা খাতুন (৩৫) নামের এক ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে মণিরামপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বলে গেছে।
নিহত বর্ণা খাতুন ব্র্যাকের সাতক্ষীরা সদর উপজেলার বাশদাহ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার চর আন্দার মানিক গ্রামের মৃত আবুল কালাম মুন্সির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ণা খাতুনের স্বামী মেহেদী হাসান তপু মণিরামপুর উপজেলার ময়নাবাড়ি স্কুলের সামনে গণের চন্দ্র দাসের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। নিহতের স্বামী ময়নাবাড়ি স্কুলের সামনে কীটনাশকের ব্যবসা করেন। বিয়ের পর থেকে তপু বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করতেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের ভাই আব্দুল রাজ্জাক অভিযোগ করে বলেন, আমার বোনকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল তপু। শেষ পর্যন্ত নির্যাতন করেই তাকে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ণা খাতুন ও মেহেদী হাসান তপু উভয়েই দ্বিতীয় দাম্পত্য জীবনে ছিলেন। তাদের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্ল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ