চাঁদপুরে কেক ফেস্টিভ্যাল ও নারী উদ্যোক্তা সম্মাননা

চাঁদপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কেক ফেস্টিভ্যাল, উদ্যোক্তা সম্মাননা ও নারী মিলনমেলা’। নারী উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে
শুক্রবার (২ অক্টোবর) সকালে চাঁদপুর সাংবাদিক ক্লাবে এ আয়োজন করা হয়। ১৬ জন নারীকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ কেক বেকিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে এ ফেস্টিভ্যাল, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে নতুন নারী উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি মাহমুদা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বাংলাদেশের কর্মকর্তা সিগমা আহসান, চর্যাপদ একাডেমির পরিচালক আইরিন সুলতানা লিমা, উদয়ন স্কুলের শিক্ষক নাসরিন আক্তার, শুভানা পোদ্দার, সেজুতি দত্ত, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি সাহিরা নাসির এবং কন্টেন্ট ক্রিয়েটর চৈতি।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক চাঁদপুরের সম্পাদক কে এম মাসুদ, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত, কন্টেন্ট ক্রিয়েটর উজ্জ্বল দেওয়ান তাসবির এবং টিম বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ‘বিজয়ী’র এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে নারী ক্ষমতায়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় কেক প্রদর্শন করা হয়। বিচারকমণ্ডলী কেকগুলোর স্বাদ, মান, সৌন্দর্য ও উপস্থাপনাসহ বিভিন্ন দিক মূল্যায়ন করেন। পরে সফলভাবে কোর্স সম্পন্ন করা ১৬ জন নারী উদ্যোক্তার হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
উল্লেখ্য, নারী উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই চাঁদপুরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। নারী উন্নয়নের পাশাপাশি সংগঠনটির কার্যক্রম শিক্ষা ও সামাজিক সেবাতেও বিস্তৃত রয়েছে।
ভোরের আকাশ/আ.র