ব্রাহ্মণবাড়িয়া-২ : রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে রাজনৈতিক সমীকরণে বড় রকমের পরিবর্তন এসেছে। এই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও রুমিন ফারহানার নির্বাচনি টিমের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, 'আমাদের প্রার্থী অ্যাড. জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও নানামুখী হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এমতাবস্থায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে আমরা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে জাতীয় পার্টির ওপর যখন হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল, তখন রুমিন ফারহানা সাহসের সঙ্গে এর প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির মুখেও তিনি রাজনৈতিক অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।'
এসব ভূমিকার প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে জাতীয় পার্টি এই আসনে ‘হাঁস’ মার্কার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারা।
সমর্থন পাওয়ায় জাতীয় পার্টির নেতাদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 'জাতীয় পার্টি দলগতভাবে আমার নির্বাচনি প্রতীক ‘হাঁস’ মার্কাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতিফলন।'
ভবিষ্যতে জাতীয় পার্টিতে যোগ দেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপাতত আমাদের মূল লক্ষ্য ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জয়যুক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ পেশিশক্তি ও ভয়ভীতি উপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, আমরা সেই পরিবেশ তৈরিতে কাজ করছি।' কালো টাকার বিষয়েও তিনি আশংকা প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের নেতাদের হাঁস মার্কার সমর্থনে হঠাৎ এমন সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ- বিজয়নগর দুই ইউনিয়ন) আসনে ভোটের হিসাব-নিকাশে বড় রকমের প্রভাব পড়বে।
উল্লেখ্য, জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দুইবার সংসদ সদস্য ছিলেন; সেখানে তাঁর উল্লেখযোগ্য কর্মী-সমর্থক এবং ভোট ব্যাংক রয়েছে।
ভোরের আকাশ/আ.র