মেধা ও স্বচ্ছতায় পিরোজপুরে কনস্টেবল চাকরি পেলেন ২১ জন

বাংলাদেশ পুলিশের স্বচ্ছ ও ন্যায়সংগত নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় পিরোজপুরে ঘুষ বা প্রভাব ছাড়াই কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২১ জন তরুণ-তরুণী। দীর্ঘ প্রতিযোগিতা, কঠোর যাচাই-বাছাই এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
রোববার (২৪ মে) বিকেলে পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহম্মেদ সিদ্দিকী। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, ভোলা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই শেষে ৫১১ জনকে নির্বাচিত করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৯০ জন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর ৪৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
পরবর্তীতে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। তাদের মধ্যে ২০ জন সাধারণ কোটায় এবং ১ জন মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
চাকরিপ্রাপ্তরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই চাকরি পাওয়ায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফলাফল ঘোষণার পর অনেককে আবেগাপ্লুত হয়ে আনন্দে কাঁদতে দেখা যায়।
ভোরের আকাশ/সু.পা