সিরাজদিখানে মাদক মামলার আসামির হুমকি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক মামলায় গ্রেপ্তার মাদক ব্যাবসায়ী রোমান হাওলাদারকে আদালতে পাঠানোর সময় ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের হুমকি ও বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে।
এ সময় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁদের লক্ষ্য করে পানি নিক্ষেপ করে ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজদিখান থানা থেকে ওই ব্যক্তিকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানোর সময় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে তিনটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে সিরাজদিখান থানা-পুলিশ। উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন এলাকার চোরমর্দন সেতুর ঢালে একটি কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। পরে বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, চোরমর্দন এলাকার বাসিন্দা রোমান হাওলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৮ দিনের কারাদণ্ড দিয়েছিলেন।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ঘটনায় অভিযোগ ওঠার তথ্য পাওয়া গেছে। ২০১৬ সালে রশুনিয়া উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল বলে জানা গেছে। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সরকারি কর্মচারী মো. হালিম সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে অপপ্রচারের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি ও বক্তব্যের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
এদিকে, আসামিকে আদালতে পাঠানোর সময় সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে থানার সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় এমন পরিস্থিতির সৃষ্টি হলে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে সিরাজদিখান থানা-পুলিশ তাঁকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব