পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি পেলেন নাসির উদ্দিন

দৈনিক প্রথম আলোয় প্রকাশিত “নীরবে কাজ করছেন নাসির” শিরোনামের প্রতিবেদন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নজরে এলে তাঁর নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল নাসির উদ্দিনের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে।
শনিবার (১৮ জুলাই) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিদল সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ পাতন গ্রামে গিয়ে নাসির উদ্দিনের পরিচালিত পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিনিধিদল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ও করে।
নাসির উদ্দিন প্রায় ৩০ বছর প্রবাসে থাকার পর ২০১৪ সালে দেশে ফিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তিনি নিয়মিত গ্রামের সড়ক, নালা-নর্দমা, ড্রেন ও ছড়া পরিষ্কার করার পাশাপাশি গবাদিপশুর মলসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে পরিচালিত এই কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ।
মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা বলেন, নাসির উদ্দিনের এই উদ্যোগ তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করছে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।
পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল পরিবেশ সুরক্ষায় নাসির উদ্দিনের অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে নাসির উদ্দিনকে সম্মাননা হিসেবে একটি সৌজন্য উপহার প্রদান করা হয়।
ভোরের আকাশ/জেআ