মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১২ আগস্ট ) চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন (বিপি নং ৮৮০৭১২২৩৪৪), সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল্লাহ (বিপি ৮৪০৩১১১৪৯১), কনস্টেবল শরিফ উদ্দিন (বিপি ৯৬১৫১৭৮৭৩৭), গাড়িচালক নজরুল ইসলাম (বিপি ৮২০۱۰৮৮৪১৮) এবং কনস্টেবল ইসতিয়াক (বিপি ৯৪১৪১৬৯৪৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত গত ২৮ জুলাই ২০২৬ উপজেলার আয়নাতলি বাজারে স্থানীয় জনতা মিজানুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করলে পুলিশের সঙ্গে ওই মাদক ব্যবসায়ীর কথোপকথন ও অর্থ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করেন।
এদিকে, মাদকের সঙ্গে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে গত ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে তড়িঘড়ি করে কুমিল্লায় বদলি করা হয়েছিল।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব