নিয়ামতপুরে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
গতকাল ভোরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টা ১৫ মিনিটে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে নিয়ম অনুযায়ী হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
জোহর নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমামগণ এসব মোনাজাত পরিচালনা করেন। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরের স্থায়ী মঞ্চ সংলগ্ন এলাকায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্যের সমাহার দেখা যায়। বিকেলে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বীর মুক্তিযোদ্ধা নির্বাচিত প্রতিনিধি একাদশ বনাম সরকারি কর্মকর্তা-কর্মচারী একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ,সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আয়োজিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
এছাড়া মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
ভোরের আকাশ/এসএইচ