গাজীপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বাসায় ঢুকে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে।পরে আশপাশের লোকজন ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ি থানার আমবাগের আতাউর মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত নারী সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া থাকতো সানজিদা আক্তার। সকালে এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে উপুর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সানজিদা আক্তার গুরুতর আহত হয় এবং তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ বা যুবকের কোন তথ্য জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ এনউব