খুলনায় ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। খুন করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিক পাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে বলে জানা যায়। নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। সে দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় একটি যুবকের লাশ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানতে পারি গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে, তা কেউ বলতে পারছে না।
তিনি বলেন, ধারালো অস্ত্রদিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। ওই যুবকের পরনে গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। আশপাশের সিসি ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছে না।
ভোরের আকাশ/মো. আ.