নড়াইলে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণার অভিযোগে ৫ জন আটক

নড়াইলের কালিয়ায় অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে ও অনলাইন প্রতারণার অভিযোগে অভিযুক্ত আকিদুল শেখ, একই গ্রামের ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ, কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ, মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান এবং তুহিন শেখের ছেলে নিরব শেখ। পুলিশ জানিয়েছে, আকিদুল শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ‘ইলিশ বাড়ি’ অ্যাপের মাধ্যমে তাজা ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল। মাছ সরবরাহের কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হলেও পরে তাদের কোনো ইলিশ সরবরাহ করা হতো না।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা করে নেওয়া অর্থের একটি অংশ মাদক কেনাবেচা, মাদক সেবন ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, আকিদুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে কালিয়া থানায় ১১টি মামলা রয়েছে।
অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওসি ইদ্রিস আলী বলেন, কোনো পণ্য কেনার আগে বিক্রেতা ও প্রতিষ্ঠানের তথ্য যাচাই করতে হবে। পাশাপাশি পণ্য হাতে পাওয়ার আগে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে অগ্রিম টাকা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/জেআ