ইবির শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী এবং অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান খাতুন প্রমুখ
এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা দেশে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।