রূপগঞ্জে ৫৪ চোরাই মোবাইলসহ দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইল ফোনসহ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুঠিছাও ও প্রাইম স্টিল মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া ক্রিমিনাল ডেটাবেস ম্যানেজমেন্ট (সিডিএম) অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্যও পাওয়া গেছে। তারা একটি পেশাদার অপরাধী চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
ভোরের আকাশ/ এনউব