ফুলবাড়ীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের থানা শ্রম কল্যাণ কমিটির কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির সম্পাদক মো. রাসেল পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী থানায় গিয়ে শেষ হয়। পরে তিনি পূর্ব গৌরিপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল লতিফ বাবু (৫০) ও তাঁর চার-পাঁচজন সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাতে পূর্ব গৌরিপাড়া গ্রামে মেরিনা ফিলিং স্টেশনের সামনে, প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী থানা শাখার সাব-অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ বাবু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এতে সংগঠনের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দিনাজপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষে ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির রেজি. নং-২৪৫-এর সম্পাদক রাসেল পারভেজ এ অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক সংগঠনের সম্পাদক রাসেল পারভেজ।
ভোরের আকাশ/সু.পা