চুয়াডাঙ্গায় দুই বেকারিকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মৌসুমি ফুড প্রোডাক্টস ও মেসার্স অন্যান্য ফুড প্রোডাক্টস নামে দুটি বেকারির দোকানে অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে ।
রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় সকাল ১০.৩০ থেকে ০২.০০ পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় বেকারিতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারী পণ্য তৈরি করে আজ তারিখ দেওয়ার কারণে মো: মো: সাইদুর রহমান এর বেকারী মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ১০০,০০০/- এবং মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে মো: সাইদুল ইসলাম এর প্রতিষ্ঠান অন্যানা ফুড প্রোডাক্টকে ৫১ ধারায় ৫০,০০০/-সহ সর্বমোট ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজীব পাল, ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র