কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, তিনজন গ্রেপ্তার

শেরপুরে দায়ের হওয়া একটি প্রতারণা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর।
‘কবিরাজি’ চিকিৎসার প্রলোভন দেখিয়ে এক কিশোরীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, শেরপুর সদর থানা এ অভিযোগ দায়ের করেন শেরপুরের এক ব্যবসায়ী।
তিনি জানান, তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবিত হয়ে প্রতারকদের ফাঁদে পড়ে।
তদন্তে জানা যায়, ‘কবিরাজ’ পরিচয়ে প্রতারকরা ইমো অ্যাপ ব্যবহার করে কিশোরীর সঙ্গে যোগাযোগ করে এবং পারিবারিক সমস্যা সমাধানের নামে বিভিন্ন আচার-অনুষ্ঠানের কথা বলে টাকা আদায় করতে থাকে। কয়েক দিনের মধ্যে বিকাশের মাধ্যমে মোট ২,৪৩,১৫০ টাকা নেয় তারা। পরে আরও বড় সমাধানের কথা বলে কিশোরীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা হাতিয়ে নেয়।
মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআই-এর এসআই মো. আব্দুস সালাম-এর ওপর। তার নেতৃত্বে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম শুরু হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ০৯/০৪/২০২৬ খ্রি. তারিখে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহের কোতোয়ালী এলাকা থেকে মূলহোতাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মুছা মিয়া , মো. রফিকুল ইসলাম , মো. মনির হোসেন তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের বাড়ির পাশের বাগান থেকে মাটি খুঁড়ে ২৫ ভরি ০৯ আনা ০৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
তদন্তে আরও জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের ব্যক্তিগত দুর্বলতা ও মানসিক সমস্যাকে কাজে লাগিয়ে প্রতারণা চালিয়ে আসছিল।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার জানান, মামলার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তিনি সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া অনলাইনে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই