নড়াইলে চোর বলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে যুবক খুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চোর বলাকে কেন্দ্র করে দুইপক্ষের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটিয়াডাঙ্গা গ্রামে সোমবার রাতে তুহিন নামে একজনকে প্রতিপক্ষের লোকজন চোর অখ্যায়িত করলে গৃহবধূ সারফিনা প্রতিবাদ করলে ওই গৃহবধূকে বেদম মারপিট করে তাকে আহত করে মোল্যা বংশের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মুন্সী বংশের পক্ষের মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্রের কোপে মিসকান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।অন্য আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
ভোরের আকাশ/ এনউব