ঈশ্বরগঞ্জে ৩ এতিমখানায় ১২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টের আওতায় তিনটি এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ১২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাপিটেশন প্রাপ্ত এতিমখানাগুলোর মোট ১০৫ জন এতিম শিক্ষার্থীর জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে সৈয়দ ভাকর ডা. শেখ আব্দুল হেলিম এতিমখানার ২৮ জন, কাছিমপুর হোসাইনিয়া এতিমখানার ২২ জন এবং ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থী। প্রতিটি শিশুর জন্য মাসে ২ হাজার টাকা হিসেবে বছরে মোট ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চেক হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “সুবিধাবঞ্চিত এতিম শিশুদের শিক্ষা ও সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত করতেই সরকার এই অনুদান প্রদান করছে। বরাদ্দের প্রতিটি টাকা যেন প্রকৃত এতিমদের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য এই শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া জানান, কাইলকান্দা দারুসসালাম এতিমখানার আরও ১৬ জন এতিম শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত চেক পরবর্তী সময়ে প্রদান করা হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সহসভাপতি শফিউল্লাহ সুমনসহ সংশ্লিষ্ট এতিমখানাগুলোর প্রতিনিধি ও তত্ত্বাবধায়কগণ।
ভোরের আকাশ/ র.ই