ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েম (২২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী বেলাল উদ্দিন।
তিনি জানান, সোনারপাড়ার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন এলাকা থেকে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্র সৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় গোসলে নেমে নিখোঁজ হন সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
নিখোঁজের সময় সায়েমের সঙ্গে থাকা তার বন্ধু আরমান জানান, তারা দুজন একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে প্রবল স্রোতের টানে সায়েম পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা, বিচকর্মী এবং সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও শনিবার তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন রোববার (২৮ জুন) সকালে উদ্ধারকারী দল রামুর সোনারপাড়ার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন এলাকা থেকে সায়েমের মরদেহ উদ্ধার করে।
এদিকে, সমুদ্রে গোসলের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলার পাশাপাশি কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টের নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে সমুদ্রে না নামার পরামর্শ দিয়েছেন।
ভোরের আকাশ/ইউএম