গাংনী সীমান্তে মাদকবিরোধী অভিযান

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার ধলার মাঠ ও মথুরাপুর রিফুজি পাড়ার মাঠে এসব অভিযান পরিচালিত হয়। সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার ধলা বিওপির একটি টহল দল ধলার মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।
অপরদিকে, কাজীপুর বিওপির আরেকটি টহল দল মথুরাপুর রিফুজি পাড়ার মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। পৃথক দুটি অভিযানে মোট ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মাদকমুক্ত ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই