বন্ধ হওয়া যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় বন্ধ হওয়ার ১৬ দিন পর ফের উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ) সকাল ১০ টা থেকে আবারও সার উৎপাদনে ফেরে এই সার কারখানা। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।
এর আগে কারখানায় গ্যাস সংকটের কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ ছিল সার উৎপাদন। গত ৬ অক্টোবর গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে ফেরে দেশের দ্বিতীয় বৃহত্তম সার উৎপাদনকারী এই প্রতিষ্ঠান। উৎপাদন শুরুর দুই দিন পর ৮ অক্টোবর যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয় উৎপাদন। এরপর ১৬ দিন পর আজ শুক্রবার সকাল ১০ টায় আবারও উৎপাদন শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতা সম্পন্ন দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা স্থাপন করা হয়। প্রতিদিন সার উৎপাদন অব্যাহত থাকলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় সার সরবরাহ করা সম্ভব। ফলে সার সংকট অনেকটায় কমে আসবে।
ভোরের আকাশ/সু.পা