মোল্লাহাটে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত সাহা, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, চরকুলিয়া মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহসভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
ভোরের আকাশ/সু.পা