জীবননগরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ

জাল নোটের প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে অনুষ্ঠিত হয়েছে ‘জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬’।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, জীবননগর শাখা, চুয়াডাঙ্গার সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. আসলাম হোসেন ও মো. আব্দুস সোবাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন।
ওয়ার্কশপে জাল নোট শনাক্তকরণ, জাল নোটের প্রচলন প্রতিরোধে করণীয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আসল ও জাল নোট চেনার উপায়, নোট লেনদেনের ক্ষেত্রে সতর্কতা এবং জাল নোট সম্পর্কে সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, জাল নোটের বিস্তার দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাই জাল নোট প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ব্যাংক কর্তৃপক্ষ নয়, সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। লেনদেনের সময় নোট ভালোভাবে যাচাই করে নেওয়া এবং সন্দেহজনক নোট সম্পর্কে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।
ওয়ার্কশপে ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/রই