বদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নওগাঁর বদলগাছী উপজেলাধীন চাঁপাইনগর বাছিরের বাড়ি হতে আধাইপুর শেষ মাথা পর্যন্ত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম গ্রহণ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)র বাস্তবায়নে গোপালপুর ব্রিজের নিচে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একসময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। দীর্ঘদিন পর আবারও দেশব্যাপী খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বদলগাছী উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন- প্রায় ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। এর ফলে এলাকার কৃষক কম খরচে জমিতে সেচ সুবিধা পাবেন এবং ধান, সবজি সহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষিখাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো প্রমূখ।
খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভোরের আকাশ/এনউব