জীবননগরে খালেক হত্যা : সাবেক স্ত্রীসহ তিন নারী জেলহাজতে

চুয়াডাঙ্গার জীবননগরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তার সাবেক স্ত্রীসহ তিন নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে।
জেলহাজতে পাঠানো তিন নারী হলেন নিহত আব্দুল খালেকের সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪৪), তার ভাই ইসমাইল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (২২) এবং তার ভাই ওসমান গনীর স্ত্রী নাসিমা খাতুন (২৫)।
বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে বাঁকা গ্রামের পূর্বপাড়ায় নিজ বাড়িতে আব্দুল খালেকের মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। এ সময় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে। প্রায় চার বছর আগে পারিবারিক কলহের জেরে তার সঙ্গে সাবেক স্ত্রী পাপিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদা বসবাস করছিলেন বলে জানা গেছে।
এদিকে খালেকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই জীবননগর থানা পুলিশ তার সাবেক শ্বশুরবাড়ি মিনাজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাপিয়া খাতুন, রেবেকা খাতুন ও নাসিমা খাতুনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রীর দুই ভাই ওসমান ও ইসমাইল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “খালেকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জীবননগর থানা পুলিশ তার সাবেক শ্বশুরবাড়ি মিনাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।”তিনি আরও বলেন,খালেক হত্যাকাণ্ডের ঘটনায় আজ একটি হত্যা মামলা রুজু করা হবে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আব্দুল খালেকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ভোরের আকাশ/রই