পাঁচ দফা দাবিতে ফরিদপুর নিকাহ রেজিস্টারদের অবস্থান কর্মসূচি

অধিক্ষেত্র বহাল, অবসরের বয়স বৃদ্ধি ও উত্তরাধিকারসূত্রে যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আ ন ম ইসহাকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন, জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মাওলানা জয়নাল আবেদীনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধীনে একটি ইউনিয়নে মাসে গড়ে মাত্র পাঁচ থেকে ছয়টি বিয়ে নিবন্ধিত হয়। এই সীমিত আয় দিয়েই তাঁদের সংসার চালাতে হয়। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাঁদের জীবন-জীবিকা আরও সংকটের মুখে পড়বে। এতে নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরকালীন ভাতা বা পেনশনের কোনো ব্যবস্থা নেই। এ কারণে তাঁদের অবসরের বয়সসীমা বাড়ানোর পাশাপাশি যোগ্যতা ও বিধি অনুসারে পিতার স্থলে পুত্রকে নিয়োগের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট বিধিমালা ও আইন সংশোধনের মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে।
কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন নিকাহ্ রেজিস্ট্রাররা। দাবিগুলো হলো—
১. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী ইউনিয়নে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন নিকাহ্ রেজিস্ট্রারের অধিক্ষেত্র বহাল রাখা।
২. নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা।
৩. যোগ্যতা ও বিধি অনুসারে পিতার স্থলে পুত্রকে নিয়োগ দেওয়া।
৪. বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর নির্ধারণ করা।
৫. ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা।
দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা।
ভোরের আকাশ/সু.পা