সিরাজগঞ্জে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

সিরাজগঞ্জে আজ রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ জেলার চরাঞ্চল ও গ্রামাঞ্চলে শীতের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাটে জনসমাগম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বিশেষ করে ছিন্নমূল মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অনেক এলাকায় শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় দিনমজুরদের আয়ও কমে গেছে, যা তাদের জীবনযাপন আরও কঠিন করে তুলেছে।
আবহাওয়া অধিদফতর বলছে, দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এদিকে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়েছে, দুই-তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুইটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।
ভোরের আকাশ/মো.আ.