সীতাকুণ্ডে আনসারের বীরত্বে আবুল খায়ের রোলিং মিলসে ডাকাতি নস্যাৎ, আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড-এ অবস্থিত আবুল খায়ের রোলিং মিলস লিমিটেড-এ সংঘবদ্ধ ডাকাতির একটি পরিকল্পিত চেষ্টা বাংলাদেশ আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে নস্যাৎ হয়েছে। এ ঘটনায় ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল কারখানায় অনুপ্রবেশ করে। তারা উৎপাদন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে বৈদ্যুতিক ক্যাবল কাটতে শুরু করলে সেখানে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর সদস্যরা বাধা দেন।
এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত দল আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে সদস্যরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। প্রথমে তারা ১ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করেন। তাতেও ডাকাতরা পিছু না হটলে আত্মরক্ষার্থে আরও ৩ রাউন্ড সিসা কার্তুজ নিক্ষেপ করা হয়।
আনসার সদস্যদের দৃঢ় প্রতিরোধের মুখে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রায় ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল, রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন— সীতাকুণ্ডের শীতলপুর গ্রামের মো. জাবেদ (২৭), ফুলতলা গ্রামের মো. শরিফুর রহমান (২৮) এবং বেগমগঞ্জ এলাকার মো. রাসেল (২৯)।
ঘটনার পর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপের ফলে বড় ধরনের নাশকতা এবং বিপুল আর্থিক ক্ষতির হাত থেকে কারখানাটি রক্ষা পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ অভিযানে বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
এ ঘটনা আবারও প্রমাণ করেছে যে, দেশের শিল্প-কারখানার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী অত্যন্ত দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/এনএস