চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পেলেন গ্র্যাচুইটির চেক

চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া এককালীন আনুতোষিক (গ্র্যাচুইটি) বাবদ ২৪ জনের মধ্যে ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘদিন পর হলেও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের প্রাপ্য অর্থ পেয়েছেন। এ জন্য পৌর প্রশাসককে অনুরোধ জানাব, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নামে প্রতি মাসে যে টাকা কর্তন করা হয়, তা যেন যথাসময়ে তাঁদের প্রদান করা হয়।
তিনি বলেন, আপনারা যে অর্থ পাচ্ছেন, সবার আগে নিজেদের দেনা পরিশোধ করবেন এবং নিজেদের চিকিৎসার ব্যবস্থা করবেন। নিজের প্রয়োজন ও সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। জীবনের এই সময়ে সন্তানদের ওপর নির্ভর না করে নিজেদের প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি মানিক বলেন, আমরা সবাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যারা দুর্নীতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাই চাঁদপুর পৌরসভা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। একটি রাস্তা কিংবা প্রকল্প বাস্তবায়নে কত টাকা ব্যয় হয়, তা সবাই জানেন। যারা পৌরসভার ৩০ কোটি টাকা বকেয়া রেখে গেছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, চাঁদপুর পৌরসভার অনেক জায়গা রয়েছে। সেসব স্থানে নাইট পার্ক ও ডে পার্ক গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। হকারদের উচ্ছেদ না করে তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পৌরসভার রাজস্ব আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, যারা পৌরসভার ট্যাক্স ও পানির বিল পরিশোধ না করে বছরের পর বছর বকেয়া রাখছেন, তাঁদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সেবা বন্ধের ব্যবস্থা নিতে হবে। নাগরিকদেরও নির্ধারিত সময়ে পৌরকর ও পানির বিল পরিশোধ করে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার। অনুভূতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা ও পৌর হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জাকির শেখ এবং গীতা পাঠ করেন চন্দ্রনাথ ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার ২৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর হাতে মোট ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার গ্র্যাচুইটির চেক তুলে দেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী ও অন্যান্য অতিথিরা।
ভোরের আকাশ/রই