হাদি হত্যা
ঝিনাইদহে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ, যুবলীগ নেতার শোরুমে ভাঙচুর

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ইটভাটার ম্যানেজারকে মারধর করে বিক্ষুব্ধরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ পৌরসভার সামনে সমবায় মার্কেটে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পরে শহরের পায়রা চত্বরে শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ছাত্র জনতা বিক্ষোভ করতে থাকে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সজিব আহমেদ (৩০) নামে এক যুবককে বেধড়ক কিল-ঘুষি ও মারধর করে বিক্ষুব্ধরা। মারধরের শিকার সজিব আহমেদ ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ইটভাটার সহকারী ম্যানেজার ও অনুসারী। মারধরের পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
পরে বেলা পৌনে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধরা। এসময় পৌরসভার সামনে সমবায় মার্কেটের একটি কাপড়ের শোরুমে হামলা চালায় তারা। বন্ড নামের পোশাক বিক্রয়কেন্দ্রের মধ্যে থাকা পোশাক লুটপাট করা হয়। পরে সেখানে লুটপাট চালিয়ে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী এসে পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, মারধরের শিকার ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।
ভোরের আকাশ/এসএইচ