মায়ানমারে পাচারের পথে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ,আটক ২৩

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি সার পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ডিএপি সার বোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালান। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও বোটটি জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব